গোপালগঞ্জের কাশিয়ানীতে ধর্ষণের পর স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় রাজু আহমেদ (২৫) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার সকালে কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রবিবার রাতে কাশিয়ানী থানায় সাইবার ক্রাইম অ্যাক্ট ও ধর্ষণ মামলা করেন। কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন, বখাটে রাজু আহমেদ একই এলাকার পারুলিয়া উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে সে ওই স্কুলছাত্রীকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে। মোবাইলে সে ওই অশ্লীল ছবি তুলে রাখে। সম্প্রতি রাজু এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এরপর এটি ভাইরাল হয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা কাশিয়ানী থানায় মামলা করেন।
