কক্সবাজারের উখিয়া উপজেলায় জানাজা শেষে ফেরার পথে কাঠের ব্রিজ ভেঙে ১০ মুসল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে শুক্রবার বিকেলে পাগলির বিল ২নং ওয়ার্ডের পাগলির ছড়া খালের ব্রিজ ভেঙে পড়লে এই ঘটনা ঘটে। পাগলির বিল ছায়াখোলা নিবাসী মরহুম মীর আহমদ এর নামাজে জানাজা শেষে মুসল্লিরা ফেরার পথে জরাজীর্ণ কাঠের ব্রিজটি ভেঙে পড়ে।
আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও মোহাম্মদ ইসলাম (৩৫) ও মো. জুবায়েরকে (১০) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জানাজা শেষে ফেরার পথে মুসল্লিসহ জরাজীর্ণ ব্রিজটি ভেঙে খালে পড়ে গেলে অনেকে আহত হয়। দুজনের অবস্থা গুরুতর হলে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
