বেগমগঞ্জের বারইচতলে ফয়েজ হত্যা মামলার অন্যতম আসামি আবদুল করিমকে দুই দিনের রিমান্ডে নিয়েছে নোয়াখালী পিবিআই।
নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি রেকর্ড অফিসার (জিআরও) জানান, বেগমগঞ্জের বারইচতলের চাঞ্চল্যকর ফয়েজ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আবদুল করিমকে র্যাব-১১ লক্ষ্মীপুর গত মঙ্গলবার লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে গ্রেপ্তার করে পিআইবির কাছে হস্তান্তর করলে কারাগারে প্রেরণ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।
আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করলে মামলার তদন্তকারী কর্মকর্তা শনিবার জেলা কারাগার থেকে রিমান্ডে নেন।
উল্লেখ্য, ১ আগস্ট রাত ৮টায় বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে ফেনাঘাটার দস্যু নিজামের নেতৃত্বে আবদুল করিম, মঞ্জু ও সুরমাসহ অজ্ঞাত ৪/৫ জন সুরমার বাড়িতে নিয়ে মারধর করে এবং অণ্ডকোষে আঘাত করে ফয়েজকে হত্যা করে।
পরদিন ফয়েজের বাবা কামাল উদ্দিন পাটওয়ারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় দস্যু মিজানুর রহমান, মঞ্জু, আবদুল করিম ও সুরমার নাম দিয়ে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। এরপর র্যাব-১১ গত ৮ আগস্ট দস্যু নিজামকে এবং পরবর্তীতে আবদুল করিমকে গ্রেপ্তার করে এবং মঞ্জু ও সুরমা আদালতে আত্মসমর্পণ করে বর্তমানে কারাগারে রয়েছেন।
