নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির আচমকা অগ্ন্যুৎপাত, নিহত ১

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০২:২১ পিএম

নিউজিল্যান্ডে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একজন নিহত হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার দুপুর ২টার পরপরই দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিটি হঠাৎ জেগে উঠে। এ সময় শতাধিক পর্যটক ওই এলাকায় অবস্থান করছিলেন।

অগ্ন্যুৎপাতের কিছুক্ষণ আগে ধারণ করা এক ভিডিও ফুটেজে দেখা যায়, পর্যটকেরা ওই আগ্নেয়গিরির গর্তে প্রবেশ করছে।

পুলিশ জানায়, এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে তারা।

হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরিটি হোয়াকারি নামেও পরিচিত। এটি নিউজিল্যান্ডের উত্তর আইল্যান্ডের উপকূল থেকে কিছুটা দূরে অবস্থিত।

নিউজিল্যান্ডের জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা জানায়, হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির মাঝারি ধরনের অগ্ন্যুৎপাত হয়েছে। আশপাশের এলাকার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এটি।

দ্বীপটি ও এর আশপাশে এলাকায় ৫০ জন মানুষ ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। উদ্ধারকাজের জন্য একাধিক হেলিকপ্টার উড়তে দেখা গেছে।

এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানান,হোয়াইট আইল্যান্ডে এবং এর আশপাশে এখনো বেশ কিছু পর্যটক রয়েছে। তাদের মধ্যে দেশি-বিদেশি নাগরিক রয়েছে। 

ছাইয়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও আটকে পড়াদের দ্বীপটি থেকে বেরিয়ে আনতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

হোয়াকারি দেশটির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। এরপরেও ব্যক্তি মালিকানাধীন দ্বীপটি পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। প্রতিদিন সেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে, আকাশপথেও এর  সৌন্দর্য উপভোগ করে থাকে।

এর আগেও বেশ কয়েকবার উদ্‌গিরণ ঘটে আগ্নেয়গিরিটির। সর্বশেষ ২০১৬ সালে এটিকে জ্বলে উঠতে দেখা যায়, সেবার কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত