সিরাজগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দেড় শতাধিক বিএনপি নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে রবিবার রাতে জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাসহ ১১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪০/৪৫ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক জয়দেব কুমার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এ মামলার অন্যতম আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির জাতীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি মজিবর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, আনিসুজ্জামান পাপ্পু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম আনোয়ার হোসেন রাজেশ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
এ ছাড়া সংঘর্ষস্থল থেকে আটক ৬ জনকে এ মামলায় আসামি করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আটককৃতরা হলেন- হোসেনপুর মহল্লার ঈদুল, ধানবান্ধি মহল্লার এসএম টিপু সুলতান, পুঠিয়াবাড়ী মহল্লার আনোয়ার হোসেন, গয়লা এলাকার শুভ, বিপ্লব ও সোহেল।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আবু দাউদ জানান, সংঘর্ষ চলাকালে দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ৪/৫ জন পুলিশ আহত হয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, রবিবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ হতে বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। অন্যদিকে ইবি রোডে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। ওই সমাবেশ থেকে বিজয় র্যালিতে ঢিল ছোড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ আহত হয়।
