বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয় সরকার কোন হস্তক্ষেপ করছে না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানখান কামাল বলেছেন, তিনি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন। তাকে দেশের সবচেয়ে ভালো হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তার ডায়াবেটিস, আর্থরাইটিসসহ অন্যান্য যেসব রোগ রয়েছে তা পুরোপুরি নিরাময় যোগ্য নয়, তবে সেসব রোগ নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার দুপুরে জামালপুর পুলিশ অফিসার্স ক্লাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
খালেদা জিয়ার জামিনের বিষয়ে তিনি আরও বলেন, জামিন দেওয়া না দেওয়া কোটের এখতিয়ার। কোর্ট স্বাধীনভাবে কাজ করছে। এখানে সরকার কোন হস্তক্ষেপ করছে না, কখনো হস্তক্ষেপ করেনি।
মন্ত্রী আরও বলেন, বিএনপি ইতিমধ্যেই আন্দোলনের মধ্যে আছে। তবে তাদের আন্দোলন জনগণ সমর্থন করছে না।
মন্ত্রী এর আগে জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১০/১২ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। পুলিশ তাদের পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে জনগণের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে। বাংলাদেশ এখন জঙ্গি দমনে সারা বিশ্বের কাছে রোল মডেল।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, জামালপুর সদরের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার দেলোয়ার হোসেন প্রমুখ।
