নেত্রকোনা-ময়মনসিংহে বিআরটিসির ৫টি সিঙ্গেল বাস চলাচলের সিদ্ধান্ত

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৪ পিএম

অবশেষে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বিআরটিসির ৫টি সিঙ্গেল বাস চালুর সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বিআরটিসি কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও বাস মালিক-শ্রমিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত রবিবার ঘটা করে উদ্বোধনের মধ্য দিয়ে চালু হওয়া বিআরটিসির ১০টি ডাবল ডেকার বাস মালিক-শ্রমিক সমিতির দাবির মুখে ওইদিন দুপুরেই বন্ধ হয়ে যায়। পরদিন সোমবার পূর্বঘোষণা ছাড়াই সব ধরনের বাস ধর্মঘটের ডাক দেন শ্রমিক নেতারা। এরপর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা। পরে বুধবার থেকে বিআরটিসি বন্ধ রেখেই বাস চলাচল চালু করেন সংশ্লিষ্টরা। 

জানা গেছে, ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসন কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকটি হয়। এতে ২০০৩ সালে স্বাক্ষরিত এক চুক্তিতে আন্তঃজেলা সড়কে বিআরটিসির ডাবল ডেকার বাস চলাচলের কথা উল্লেখ না থাকায় সেটিতে বাধা দেন শ্রমিক নেতারা। ফলে ৫টি সিঙ্গেল বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও ডাবল ডেকার বাস বন্ধ রাখার ব্যাপারে একমত হন সবাই। তবে বাসগুলো কবে নাগাদ চালু হবে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

ময়মনসিংহ বিআরটিসি ডিপো প্রশিক্ষণ ম্যানেজার (অপারেশন) লুৎফুর আজাদ দেশ রূপান্তরকে জানান, বিআরটিসির শ্রমিকরা এমনিতেই খুব নিরীহ। তাদের মারধর করে প্রশাসনের কাছে উল্টো অভিযোগ করেছে বেসরকারি মালিক সমিতি। ২০০৩ সালের পুরনো চুক্তি সংশোধন করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত