বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তেমন গুরুতর অসুস্থ নন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনে নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়।
এ বিষয়ে শুক্রবার আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশকে বিশ্বাস করে না। তাদের আইনজীবীদের বক্তৃতা শুনে ও ডাক্তারি রিপোর্ট দেখে আদালত খালেদা জিয়াকে জামিন দেওয়ার প্রয়োজন মনে করে নাই। তিনি তেমন কোনো গুরুতর অসুস্থ নন। এ কারণে তাকে জামিন দেয়নি’।
শুক্রবার সকালে আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোলমডেল হিসেবে পরিচিত করেছেন। কিন্তু বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির দোসররা এ দেশকে ব্যর্থ রাষ্ট্র ও ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিলেন’।
তিনি বলেন, ‘বিএনপি, জামায়াতের ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত লুটপাটের ধ্বংস্তুপ থেকে উন্নয়নশীলের তালিকায় বাংলাদেশে নাম উঠে এসেছে’।
এর আগে সকালে ট্রেন থেকে নেমে মন্ত্রী রেলস্টেশনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপির নেতারা এ দেশের আইন বা কোনো প্রতিষ্ঠানের প্রতি তাদের শ্রদ্ধা নাই, এটা তাদের কাজ-কর্ম ও কথাবার্তায় বুঝিয়েছেন। তাদের বিপক্ষে কোনো আদেশ ও রায় গেলে তারা এটা মানি না, ওটা মানি না, ও এটা ঠিক না, ওটা ঠিক না বলেন। তারা নিজেদের কয়েকটা সমর্থক নিয়ে নিজেদের গদি ঠিক রাখার জন্য এসব কথাবার্তা বলছেন’।
‘জামায়াতের নবনির্বাচিত চেয়ারম্যান বলেছেন বাংলাদেশে ভয়ংকর পরিস্থিতির আশংকা করছে’ এ প্রসঙ্গে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘উনি চাচ্ছেন বাংলাদেশে একটি ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হোক। কিন্ত ওই পরিস্থিতি বাংলাদেশে নেই। বাংলাদেশের জনগণ বিএনপি ও জামায়াতের দুঃশাসনের কথা তাদের মনে আছে। জনগণ ওই জায়গায় ফিরে যেতে চান না’।
এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়া হোসেন নয়ন প্রমুখ।
পরে মন্ত্রী উপজেলার সলুই খাল খনন শীর্ষক প্রকল্প কাজের উদ্বোধন করেন।
