খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়ে শেষ মুহূর্তে বাতিল: রিজভী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০৯:২৬ পিএম

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাতের অনুমতি দেওয়ার পরও সাক্ষাতের পূর্ব মুহূর্তে তা কারা কর্তৃপক্ষ বাতিল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, অনুমতি দেওয়ার পরও সাক্ষাতের পূর্ব মুহূর্তে শনিবার দুপুরে তা বাতিল করেছে কারা কর্তৃপক্ষ।

বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, পরিবারের স্বজনরা সাক্ষাতের উদ্দেশে রওনা হওয়ার পর রাস্তার মধ্যেই তাদেরকে জানানো হয়, তাদেরকে দেওয়া অনুমতি বাতিল করা হয়েছে। বলা হয়- উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশেই সাক্ষাৎ দেয়া যাচ্ছে না। এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি।

প্রশ্ন রেখে রিজভী বলেন, জনগণ জানতে চায়-এই উচ্চতর কর্তৃপক্ষটা কে? এটি জেল কর্তৃপক্ষ না জানলেও জনগণ তা ভালোভাবেই জানেন যে, জেল কর্তৃপক্ষের প্রভুরাই উচ্চতর কর্তৃপক্ষ।

সর্বশেষ গত ১৩ নভেম্বর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সাথে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

তিনি বলেন, একজন সাধারণ বন্দীর সাথে ৭দিন পরপর দেখা করার সুযোগ থাকে। স্বজনদের ৭ দিন পরপর সাক্ষাতের জেলের বিধান আছে। আমরাও সেটি পেয়েছি। সেখানে মাস পেরিয়ে গেলেও দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের বরেণ্য মুক্তিযোদ্ধার সহধর্মিণী খালেদা জিয়াকে তার স্বজনরা দেখা করার সেই অধিকারটুকু এই সরকার দিচ্ছে না, স্বজনদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।

রিজভীর আশঙ্কা, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সেই কারণেই আসল রহস্য ফাঁস হওয়ার ভয়ে তার পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত