কিশোরীকে ধর্ষণের পর হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৪ এএম

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল আসামি ইয়াসিন মোল্লা (২২) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে শহরের রথখোলা লঞ্চঘাট জোড়া ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

ইয়াসিন মোল্লা শহরের ওয়ারলেস পাড়ার মনি মোল্লার ছেলে। তার বিরুদ্ধে ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বেলাল হোসাইন জানান, রাজেন্দ্র কলেজের মেলার মাঠের সিসিটিভি ফুটেজ থেকে আসামির ছবি সংগ্রহ করে ইয়াসিনকে চিহ্নিত করা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে গত রাতে আটক করে তাকে নিয়ে অভিযানে নামলে আসামি ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি হয়। এ সময় নিহত হয় আসামি ইয়াসিন। এই ঘটনায় আহত হয় তিন পুলিশ সদস্য।

পুলিশ জানায়, পরে সেখান থেকে ইয়াসিনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ১৪ বছরের প্রতিবন্ধী কিশোরী ফাতেমাকে বিকেল বেলা রাজেন্দ্র কলেজের মেলার মাঠ থেকে তুলে নিয়ে যায় ইয়াসিন নামের ওই যুবক। পরের দিন পাশের টেলিগ্রাম অফিসের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর ফাতেমা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নানা কর্মসূচি পালিত হয় শহরে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত