চার মাসের মধ্যেই হবে আকাশচুম্বী রাম মন্দির: অমিত শাহ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৭ এএম

চার মাসের মধ্যে অযোধ্যার বিতর্কিত ভূমিতে তৈরি হবে আকাশচুম্বী রাম মন্দির। ঝাড়খণ্ডের এক জনসভায় এই ঘোষণা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উগ্রপন্থীদের হাতে ধ্বংস হওয়া বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের পক্ষে রায় দেয় দেশটির সুপ্রিম কোর্ট। ৯ নভেম্বর দেওয়া ওই রায়ে তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট গড়তে বলা হয় কেন্দ্রীয় সরকারকে। অন্যদিকে মুসলিম ওয়াক্ফ বোর্ডকে মসজিদের জন্য পাঁচ একর জমি দিতে নির্দেশ দেওয়া হয়।

কলকাতার সংবাদ প্রতিদিন জানায়, সোমবার এক জনসভায় বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মন্দির নির্মাণের সুনির্দিষ্ট সময় উল্লেখ করেন।

তিনি বলেন, “সুপ্রিম কোর্ট তার রায় শুনিয়ে দিয়েছে। এবার চার মাসের মধ্যে অযোধ্যায় আকাশচুম্বী রাম মন্দির তৈরি হবে।”

এদিকে সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ১৮টি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল। কিন্তু সব আবেদনই খারিজ করে দেয় শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ মামলা খারিজ করার দিন চারেক পরই রাম মন্দির নিয়ে বড়সড় ঘোষণা দিলেন অমিত।

সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ‌্যায় রাম মন্দির গড়ার দায়িত্ব রাম জন্মভূমি ন‌্যাসের তত্ত্বাবধানে তৈরি নতুন ট্রাস্টের। সেই ট্রাস্টের সভাপতি হওয়ার জন‌্য যোগী আদিত‌্যনাথের নাম প্রস্তাব করেছিল রাম জন্মভূমি ন‌্যাস।

মন্দির তৈরির জন্য প্রয়োজনীয় শিলার অধিকাংশই নাকি তৈরি আছে। তৈরি আছে নকশাও। প্রশাসনিক পর্ব শেষ হলেই ৬৭ একর জমির ওপর মন্দির তৈরির কাজ শুরু হতে সময় লাগবে না। তবে, অযোধ্যায় রাম মন্দির গঠন আন্দোলনের অন্যতম পুরোধা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ হিসেব করে বলেছিল, মন্দির তৈরি হতে সময় লাগবে ন্যূনতম চার বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত