জামিয়ার ঘটনায় নীরব থাকায় এই তারকাদের বয়কটের ডাক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০২:৫৫ পিএম

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ভারতজুড়ে। এমন পরিস্থিতিতে চুপ বলিউডের প্রথম সারির অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান ও আমির খান। এই নিয়ে সরব সোশ্যাল মিডিয়া।

বছর খানেক আগে দিল্লিরই একটি ঘটনা নিয়ে সরব হয়েছিলেন অমিতাভ। নির্ভয়া ধর্ষণের ঘটনায় বিক্ষোভে চলছিল রাজধানীর অনেক জায়গায়। ওই সময়ই জনতার ওপর পুলিশের জলকামান ও কাঁদনে গ্যাসের প্রয়োগ নিয়ে নিন্দা করেন অভিনেতা।

কিন্তু জামিয়ার ঘটনায় তিনি পুরোপুরি চুপ। এই নিয়ে পরিচালক অনুভব সিনহা কটাক্ষ করেন। অমিতাভের পুরোনো সেই টুইট তুলে ধরে লেখেন, “স্যার বলেছেন, খুশি হয়েছি।”

অনুভবের পাশাপাশি আরও অনেকে বিগ বি’র সমালোচনা করছেন।

বলিউডের তিন খান শাহরুখ-সালমান-আমিরও এ ব্যাপারে একেবারে চুপ।

শাহরুখ নিজেই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। কিন্তু তিনি একটি কথাও বলেননি। টুইটারে এক ভক্ত লেখেন, “পর্দায় তো আপনি প্রেমের দেবতা। তাহলে নিজের বিশ্ববিদ্যালয়ের প্রতি সেই ভালোবাসা কোথায়! আপনার এই নীরবতা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে।”

‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানও একটিও কথা বলেননি। চুপ ‘ভাইজান’ সালমানও। নেটিজেনদের বক্তব্য, এই সব সেলিব্রিটির প্রত্যেকেই সুবিধাবাদী। নিজের লাভের দিকটাই তারা দেখেন। দেশের পরিস্থিতি নিয়ে তাদের কারোরই মাথা ব্যথা নেই। আর এই কারণেই তাদের বয়কটের ডাক উঠেছে।

টুইটারে কেউ কেউ সোজা প্রশ্ন ছুড়ে দিয়ে নাম নিলেন শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া- এরা সব কোথায়? তাদের ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিতেও কুণ্ঠা বোধ করেননি অনেকে।

অনেকে আবার শাহরুখ-সালমান-আমির-অমিতাভের ছবি আর জামিয়ায় প্রতিবাদরত ছাত্রীদের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘আসল নায়ক আর নকল নায়ক’।

আলিয়া ভাটের চুপ থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনুপম খের, যিনি টুইটারে একপ্রকার সবকিছু নিয়েও কথা বলে থাকেন, তার খোঁজও করেছেন নেটিজেনের একাংশ।

তবে জামিয়ায় প্রতিবাদরত ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের হামলার ঘটনায় এককাট্টা হয়েছেন বলিউডের নতুন ব্রিগেড। রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, রিচা চাড্ডা, কঙ্কণা সেন শর্মাদের মতো তারকাদের তীব্র প্রতিবাদ করতে দেখা গেছে। পরিচালকদের মধ্যে আছেন অনুরাগ কাশ্যপ, অপর্ণা সেন, অলঙ্কৃতা শ্রীবাস্তব ও বিশাল ভরদ্বাজ।

প্রথম সারির অভিনেতাদের মধ্যে অজয় দেবগণকে ঘটনার প্রতিবাদ করতে দেখা গিয়েছে।

এ দিকে জামিয়ায় ছাত্র-ছাত্রীদের ওপরে পুলিশের আক্রমণের একটি পোস্টে লাইক দিতে দেখা যায় অক্ষয় কুমারকে। কিছুক্ষণের মধ্যে বিতর্ক দানা বাঁধতেই তিনি সেই পোস্টে আনলাইক করে দেন। বলেন, “আমি ভুল করে লাইক করে ফেলেছি।” এর জন্য অক্ষয়কে তীব্র আক্রমণও করেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত