পঞ্চমবারের মতো গ্রেপ্তার অস্কারজয়ী জেন ফন্ডা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০৩:৩২ পিএম

জলবায়ু পরিবর্তন নিয়ে প্রতিবাদে অংশ নিয়ে পঞ্চমবারের মতো আটক হলেন অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী জেন ফন্ডা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন শুক্রবার। আর জন্মদিনের একদিন আগে এই ঘটনা ঘটলো।

নভেম্বরে বিক্ষোভে অংশ নিয়ে প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক রাত তাকে জেলেও কাটাতে হয়। এরপর আয়োজকেরা চাইছিলেন আর যেন গ্রেপ্তার না হন জেন ফন্ডা। কারণ এবার তার সাজা খানিকটা দীর্ঘ হবে এবং প্রতিবাদে নেতৃত্ব দেওয়ার সুযোগ হারাবেন।

শুক্রবার প্লাস্টিক হ্যান্ডকাফ পরিয়ে নায়িকাকে বিক্ষোভস্থল থেকে নিয়ে যায় পুলিশ সদস্যরা। ওই সময় জনতা ‘শুভ জন্মদিন’ বলে স্লোগান দেয়। তবে এবার কয়দিন তাকে জেলে কাটাতে হবে স্পষ্ট নয়।

অ্যানুয়াল ফায়ার ড্রিল ফ্রাইডে উপলক্ষে অনেক হলিউড তারকা বিক্ষোভে যোগ দেন। গত সপ্তাহে গ্রেপ্তার হন স্যালি ফিল্ড। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ডায়ানা লাড, পিপার পেরাবো, মার্গ হেলজেনবার্গ, টেড ডনসন ও ফন্ডার ‘গ্রেস অ্যান্ড ফ্যাঙ্কি’ সহ-তারকা স্যাম ওয়াটারস্টন। হান্ডক্যাফ লাগিয়ে পুলিশ  তাদেরও বিক্ষোভস্থল থেকে সরিয়ে দেয়।

জলবায়ুর জন্য ক্ষতিকর মনুষ্যসৃষ্ট কাজের প্রভাব ও এই সংকট মোকাবিলায় সরকার যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে বিক্ষোভের আয়োজন করেন ফন্ডা ও কোড পিংক।

১৯৬০ সালে মঞ্চনাটক ‘দেয়ার ওয়াজ আ লিটল গার্ল’ দিয়ে জেন ফন্ডার অভিনয়ে অভিষেক হয়। এই নাটকে অভিনয়ের জন্য তিনি দুটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। একই বছর ‘টল স্টোরি’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

তিনি ১৯৬০ এর দশকে পিরিয়ড অব অ্যাডজাস্টমেন্ট (১৯৬২), ওয়াক অব দ্য ওয়াইল্ড সাইড (১৯৬২), সানডে ইন নিউ ইয়র্ক (১৯৬৩), ক্যাট বালৌ (১৯৬৫), বেয়ারফুট ইন দ্য পার্ক (১৯৬৭) এবং বার্বারেলা (১৯৬৮) চলচ্চিত্র দিয়ে খ্যাতি অর্জন করেন। ১৯৬৯ সালে ‘দে শুট হর্সেস, ডোন্ট দে?’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কারে মনোনয়ন লাভ করেন।

পরবর্তীতে তিনি আরও ছয়টি নোনয়ন লাভ করেন, যার মধ্যে ক্লুট (১৯৭১) ও কামিং হোম (১৯৭৮) চলচ্চিত্রের জন্য দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার লাভ করেন। মনোনীত অন্যান্য চলচ্চিত্র হলো- জুলিয়া (১৯৭৭), দ্য চায়না সিনড্রোম (১৯৭৯), অন গোল্ডেন পন্ড (১৯৮১) এবং দ্য মর্নিং আফটার (১৯৮৬)।

এ ছাড়া তিনি ১৯৮৪ সালে দ্য ডলমেকার টেলিভিশন চলচ্চিত্রের জন্য একটি এমি পুরস্কার, ‘জুলিয়া’ ও ‘দ্য চায়না সিনড্রোম’ চলচ্চিত্রের জন্য দুইবার বাফটা পুরস্কার এবং চারবার গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।

শনিবার ৮২ বছরে পা রাখলেন জেন ফন্ডা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত