বিচারব্যবস্থার সংস্কারে সরকারি দলের মতের বিরুদ্ধাচরণকারী বিচারকদের সহজে বরখাস্ত করার সুযোগ রেখে করা একটি বিলে অনুমোদন দিয়েছে পোল্যান্ডের পার্লামেন্ট। গত শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষে বিতর্কিত এ বিলটি ২৩৩-২০৫ ভোটে অনুমোদন পায় বলে জানিয়েছে বিবিসি।
নিম্নকক্ষে পাস হওয়ায় বিলটি এখন উচ্চকক্ষে যাবে। দেশটির আইন অনুযায়ী, উচ্চকক্ষ বিলটি খারিজ করতে পারবে না। তবে চাইলে এর প্রয়োগে দেরি করিয়ে দিতে পারবে।
ইউরোপিয়ান কমিশন পোল্যান্ডকে তাদের বিচারব্যবস্থা সংস্কারের প্রস্তাব পুনর্বিবেচনার অনুরোধ জানানোর কয়েক ঘণ্টা পর নিম্নকক্ষে এ ভোট হয়।
পোল্যান্ডের ভেতরেও এই সংস্কার ও বিতর্কিত বিলটি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। চলতি মাসের শুরুর দিকে কয়েক হাজার বিক্ষোভকারী বিলটির বিরুদ্ধে সমাবেশও করেছে।
বিচারব্যবস্থার সংস্কারের কারণে পোল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে হতে পারে বলে গত বুধবার দেশটির সুপ্রিম কোর্ট সতর্ক করেছে।
