চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জাপার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০৪:১৩ পিএম

জাতীয় পার্টির (জাপা) আসন্ন জাতীয় কাউন্সিলকে সামনে রেখে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রবিবার জাপার চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির নীতি নির্ধারকদের পরামর্শক্রমে পার্টি চেয়ারম্যান দলীয় মনোনীত প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য নির্দেশ দিয়েছেন। জাতীয় সম্মেলন সফল করার জন্য জনাব বাবলুকে ইতিপূর্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

পার্টি মনে করে, এই মুহূর্তে উপনির্বাচনে অংশগ্রহণের চেয়ে সংগঠনকে শক্তিশালী করার দিকে প্রত্যেক নেতাকে বেশি দায়িত্বশীল হতে হবে। সে প্রেক্ষিত বিবেচনায় পার্টি এই মুহূর্তে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গত ৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ জানুয়ারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত