তফসিল ঘোষণার একদিন পর আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন ঢাকার দুই মেয়র।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী মেয়র মো. আতিকুল ইসলাম। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে নিজেকে সফল মেয়র হিসেবে দাবি করেন।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও পুনর্মিলনী’ অনুষ্ঠানে আতিকুল ইসলাম ও মোহাম্মদ সাঈদ খোকন এসব মন্তব্য করেন। ডিএনসিসি ও ডিএসসিসি যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি সময় নষ্ট করিনি। তাই আমার বিশ্বাস, আবারও আওয়ামী লীগ থেকে নমিনেশন পাব। আমি চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করতে এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় দল, একটি ঐতিহ্যবাহী দল, দেশকে স্বাধীনতা এনে দিয়েছে দলটি। তারা আমার কাজের মূল্যায়ন করবে।’
তিনি বলেন, ‘নয় মাসে যে কাজ করেছি, সামনের ভোটে জয়ী হলে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখব। যানজট নিরসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। যতটুকু কাজ করা যায় আমরা তা করব। নগর উন্নয়নের সঙ্গে ৫৪টি সংস্থা রয়েছে, আমরা সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করব, এটাই আমার প্রত্যাশা।’
একই অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমি নিজেকে সফল মনে করি। কারণ, আমি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। ৫২ বাজার ৫৩ গলি খ্যাত ঢাকা শহরের এমন কোনো অলি-গলি নেই, যেখানে আমি একটা ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া লাগাতে পারিনি। ইনশা আল্লাহ, আমি আশাবাদী। দল থেকে মনোনয়ন পাব।’
