কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে জংশনের অদূরে কাটদহচর নামক স্থানে ট্রেনের ধাক্কায় মাটিভর্তি ট্রলির দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ সময় ট্রেনের ফ্রন্ট প্লেটের সঙ্গে ট্রলি আটকে যাওয়ায় সেখানেই ট্রেনটি থেমে আছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেল স্টেশনের মাস্টার শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস আপ ট্রেনটি ঘটনাস্থলে বেলা ১০টায় পৌঁছালে সেখানে অবৈধভাবে স্থানীয় একটি ইটভাটার মাটিভর্তি ট্রলি রেল লাইন পার হচ্ছিল। সেই মুহূর্তে দ্রুতগামী ট্রেন ঢুকে পড়ে। এতে ট্রলিটি ট্রেনের সামনেই আটকে যায়। কিছু দূর গিয়ে ট্রেনটি থেমে যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা আপ লাইনে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানালেন স্টেশন মাস্টার।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মিরপুর উপজেলার কাটদহচর গ্রামের আজিবর বলেন, ঘটনাস্থলের কাছাকাছি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। দেখি সামনে থেকে একটা ট্রেন আসছে পোড়াদাহ স্টেশনের দিকে, এ সময় চিৎকার করে বলতে বলতেই মাটিভর্তি ট্রলিটা লাইনের উপর উঠে পড়ে। চোখের পলকে ট্রলিটা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে যায়। ট্রলিতে থাকা দুই শ্রমিক ছিটকে পড়ে রেল লাইনের মাঝে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, ট্রলির সঙ্গে ট্রেনের সংঘর্ষ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। যতটুকু শুনেছি অবৈধ রেলক্রসিং করার সময় এই ঘটনা ঘটেছে। ট্রলিটি স্থানীয় কারও কিনা এখন কেউ স্বীকার করছে না এবং নিহত দুই শ্রমিকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
