রাজধানীতে চলছে বায়ু দূষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এই অভিযানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন শাকিব খানের নির্মাণাধীন বাড়ির সামনে রাখা ইট বালি গুঁড়িয়ে দিয়েছে।
জানা যায়, মঙ্গলবার বায়ু দূষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নিকেতন এলাকার ই ব্লকের ৬ নম্বর রোডের ১ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত শাকিব খানের নির্মাণাধীন বাড়ির সামনের রাস্তায় রেখে দেওয়া ইট বালি ও সিমেন্ট গুঁড়িয়ে দেয় সিটি করপোরেশন।
এর আগে ১৮ নভেম্বর নিকেতনের ওই নির্মাণাধীন ভবনটিতে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল শাকিব খানের বিরুদ্ধে।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নিকেতন এলাকায় নির্মাণাধীন সামগ্রী রাখায় পরিবেশ-বায়ু দূষণ হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহীদ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন ঠিকাদারসহ মোট চারজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর, মঙ্গলবার নিকেতন এলাকার ২ নম্বর গেট সংলগ্ন ৮ নম্বর রোড থেকে বায়ু দূষণ বিরোধী অভিযান শুরু করা হয়। অভিযানের একপর্যায়ে নিকেতনের ব্লক ই এর রোড ৬ এর হোল্ডিং ১ নম্বর বাড়ির সামনের ইট, বালু দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে সঙ্গে ডিএনসিসি গাড়ি দিয়ে এসব গুঁড়িয়ে দেয়। এ সময় নির্মাণাধীন ১০ তলা ভবন ঘিরে রাখা টিনের বেড়া ভেঙে যায়।
ভবনটির কেয়ারটেকার মনির হোসেন জানান, ‘বাড়ি নির্মাণের সরঞ্জামাদি তো বাড়ির সামনেই রাখতে হবে। এ ছাড়া জায়গা কোথায়। আর এসব ভেতরে ঢোকানোর সুযোগ তো দিতে হবে। তারা সুযোগ দিলে ঠিকই আমরা ইট বালি ভেতরে নিয়ে রাখতে পারতাম। কিন্তু সিটি করপোরেশন কোনো সুযোগ না দিয়ে এগুলো গুঁড়িয়ে দিয়ে চলে গেল।’
