ঢাকার দুই সিটির কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন বিতরণ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:৩১ পিএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিক্রি চলছে।

বুধবার সকাল ১০টা থেকে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এ মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ ও গ্রহণের কার্যক্রম চলবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তরে মোট ১১টি ফরম বিক্রি হয়েছে। তবে দক্ষিণে কোনো ফরম বিক্রি হয়নি। মনোনয়ন প্রত্যাশীরা ১০ হাজার টাকা জমা দিয়ে এ ফরম সংগ্রহ করছেন।

ফরম সংগ্রহ করতে এসে ঢাকা মহানগর উত্তর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী মো. সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দল যেহেতু নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই নির্বাচনের মাধ্যমে সংগঠিত হয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে রাজধানীর গাবতলী এলাকার আধুনিকায়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবো।’

উত্তরের আরেক মনোনয়ন প্রত্যাশী মো. আমজাদ হোসেন মোল্লা বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে আগেও ছিলাম, থাকবো। অতীতে অনেকবার দলের জন্য জেল খাটতে হয়েছে, প্রয়োজন হলে আবারও জেলে যেতে প্রস্তুত রয়েছি।’

এদিকে ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের বৃহস্পতিবার মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিতে হবে। পরদিন বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

এরপর দলের নীতি নীতিনির্ধারকরা যাচাই-বাছাই করে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত