বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল গোটা ভারত। পরিস্থিতি সামাল দিতেও থেমে নেই ক্ষমতাসীন বিজেপি। ফলে নাগরিকত্ব আইন ও এনআরসির পক্ষে নানা প্রচারণায় চালিয়ে যাচ্ছে তারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এর মধ্যে প্রখ্যাত নির্মাতা ঋত্বিক ঘটকের সিনেমার খণ্ডিত অংশ ও সংলাপ ব্যবহার করছে বিজেপি শিবির। প্রয়াত নির্মাতার পরিবারের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে।
দেশভাগের যন্ত্রণা ও উদ্বাস্তু জীবন যন্ত্রণার কথা প্রতিফলিত হয়েছে ঋত্বিকের বিভিন্ন ছবিতে। শরণার্থী ও অনুপ্রবেশকারীদের ঠেকাতে সেগুলো ব্যবহার করছে বিজেপি। এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে নাগরিকত্ব আইন ও এনআরসি করার প্রয়োজনীয়তা।
তবে বিষয়টির প্রতিবাদ জানিয়েছে ঋত্বিকের পরিবার। এক বিবৃতিতে তারা জানান, ‘বিতর্কিত ও বৈষম্যমূলক নাগরিকত্ব আইন ও এনআরসির সমর্থনে ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ও রাজনীতি অপব্যবহার করা হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
এতে আরও বলা হয়, ‘ঋত্বিকের বেশির ভাগ ছবিই ছিন্নমূল মানুষদের গভীর সমবেদনা থেকে উৎসাহিত। বিশেষ কারণে যারা উদ্বাস্তু হয়েছেন তাদের জন্য। তিনি আদ্যন্ত মানবতাবাদী ও ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তার লেখা বা চলচ্চিত্রের সঙ্গে যারা পরিচিত তারা সবাই এটা জানতেন।’
তারা আরও জানান, নতুন আইনের মাধ্যমে নাগরিকদের নতুন করে নাগরিকত্ব প্রমাণ করতে হবে বা সংখ্যালঘুদের রাষ্ট্রপরিচয়হীন করে দেওয়া আশঙ্কা থাকে, তার সমর্থনে ঋত্বিক ঘটকের ছবি ব্যবহার করা সমীচীন নয়। অবিলম্বে এই অপপ্রচার বন্ধের আহ্বান জানানো হচ্ছে।
এই প্রসঙ্গে বিজেপি নেতা রত্নিদেব সেনগুপ্ত বলেন, ‘রাজনৈতিক কারণে নয়, মানবিক কারণেই তার ছবিকে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। তারা ভুল বুঝছেন। উনার (ঋত্বিক ঘটক) মতো ব্যক্তিত্বকে অসম্মানের জন্য কোনো পদক্ষেপ করা হয়নি।’
