পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি, মুসলিম লীগ, জাতীয় পার্টিসহ যে কয়েকটি দল ক্ষমতায় ছিল দেশের উন্নয়নে কোনো কাজ করেনি। দেশের দৃশ্যমান উন্নয়নের জন্য কাজ করছে একমাত্র আওয়ামী লীগ সরকার। সারা দেশে গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছে আওয়ামী লীগ। এ সরকার গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে।’
গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের নলুয়ার হাওরে ফসল রক্ষাবাঁধ নির্মাণকাজ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। আরও বক্তব্য দেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।
