শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।
রোববার এ বিষয়ে রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি।
বিএনপি প্রার্থী আবু সুফিয়ান দেশ রূপান্তরকে বলেন, গত শনিবার শিক্ষা উপমন্ত্রী তার নিজ বাসভবনে নৌকা প্রতীকের প্রার্থী মোসলেম উদ্দিন আহমদকে উপনির্বাচনে জিতিয়ে আনতে হবে বলে প্রচারণা চালান। যা অনভিপ্রেত ও বেআইনি। তাই এ বিষয়ে আমি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছি।
রিটার্নিং অফিসারের কাছে দেয়া অভিযোগে বলা হয়, শিক্ষা উপমন্ত্রীর অধীনস্থ মন্ত্রণালয়ের শিক্ষক-শিক্ষিকাগণকে নির্বাচন কমিশন বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ দিয়ে থাকে।
শিক্ষা উপমন্ত্রী যদি নৌকা প্রতীকের পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে এসব কর্মকর্তারা উপমন্ত্রীর নির্দেশের বাইরে গিয়ে সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। যা আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার কৌশল। বিদ্যমান আচরণবিধি অনুযায়ী মন্ত্রী, উপমন্ত্রী, মেয়র ও সংসদ সদস্য মর্যাদার কেউ কোন ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বিএনপি প্রার্থীর অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, অভিযোগ তদন্তের করে প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
