কসাইবাড়িতে র‌্যাব-গেটম্যান বচসায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:১৭ পিএম

বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন কসাইবাড়ি গেটে র‌্যাব সদস্য ও গেটম্যানদের বচসায় প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে র‌্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মাস্টার মরণ চন্দ্র দাস বলেন, সোমবার বেলা ১১ টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি কসাইবাড়ি রেলগেট পার হওয়ার সময় গেটম্যান আল আমিন গেট ফেলে দেন। ওই সময় রেলপথের কাছে দাঁড়ানো র‍্যাবের গাড়ি গেট তুলে দিতে বলেন। গেটম্যান আল আমিন এ কথায় রাজি হননি। রেলগেট লক হয়ে গেছে জানিয়ে তিনি র‍্যাব সদস্যদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তখন র‍্যাবের লোকজন গাড়ি থেকে নেমে এসে আল আমিনকে তুলে নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে অপর গেটম্যানরা দুপুর ২টা ৪০ থেকে রেল চলাচল বন্ধ করে দেন। ফলে দুপুর ২ টা ৪০ থেকে বিকেল ৪ টা ৪০ পর্যন্ত বন্ধ ছিল। এতে মৈত্রী এক্সপ্রেস ও সুরমা মেইল এবং ঢাকা থেকে যাওয়ার পথে টাঙ্গাইল কমিউটার ও উপকূল এক্সপ্রেস আটকা পড়ে।

জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার-বিন-কাশেম বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আল আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছিল। মুচলেকা নিয়ে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সেখানে গেট খোলা নিয়ে কোন বচসা হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত