ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন-সিএএ ও নাগরিকত্ব তালিকা-এনআরসির প্রতিবাদে এবার পথে নামল মন্দিরের পুরোহিতরা। সোমবার পশ্চিমবঙ্গের কলকাতায় ব্রাহ্মণদের একটি সংগঠন এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কলকাতার মেয়ো রোডে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ পরিষদের সদস্যরা সিএএ ও এনআরসি বিরোধী স্লোগান দেন। মোদি সরকারের নাগরিকত্ব আইনকে বিভেদের রাজনীতি বলেও অভিযোগ করেন তারা।
পরিষদের সাধারণ সম্পাদক শ্রীধর মিশ্রের কথায়, ‘ধর্মের ভিত্তিতে দেশভাগের যে চক্রান্ত তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সিএএ-এনআরসির উদ্দেশ্য একটি নির্দিষ্ট ধর্মকে বাদ দেওয়া। যা খুবই দুর্ভাগ্যের। আমরা ঐক্যবদ্ধ ভারতের পক্ষে। বর্তমানে একটি সম্প্রদায়কে নিশানা করা হলে আমরাও পরে তার শিকার হতে পারি।’
সংগঠনটির সাধারণ সম্পাদক শ্রীধর মিশ্র বলেন, ‘কেন্দ্রীয় সরকারের আইন তৈরির পেছনে উদ্দেশ্য রয়েছে। কিন্তু, ভারতীয় সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ আন্দোলন করে প্রতিবাদ জানাতে হবে। ব্রাহ্মণদের এই সংগঠন মনে করে ভারতে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।’
প্রসঙ্গত, চলতি মাসে বিজেপি সরকার পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করে। পরে তা আইনে পরিণত হয়। এই আইনের মাধ্যমে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্থান থেকে ভারতে আসা ছয়টি অমুসলিম গোষ্ঠীর মানুষ ভারতের নাগরিকত্ব পাবেন। আইনটিকে ধর্ম নিরপেক্ষ ভারতের সংবিধানবিরোধী বলে দাবি করে রাস্তায় নামে মানুষ। ইতিমধ্যে গণবিস্ফোরণে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ২৬ জন।
