বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২০ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব আবুল খায়ের ও আসাদুজ্জামান বিকু।
সভাপতি পদে আবুল খায়ের ১৪৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। একই পদে অপর প্রার্থী ইসারফ হোসেন ইসা ১১০ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থীর মধ্যে আসাদুজ্জামান বিকু ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী দেব দুলাল মিত্র ৯৯ ভোট পেয়েছেন। এ ছাড়া মোহাম্মদ জয়নাল আবেদীন পেয়েছেন ২১ ভোট।
সহসভাপতি পদে মোরছালীন বাবলা ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিন আবদুল বারী ৯৬ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে সাখাওয়াত হোসেন কাওসার ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ রানা পেয়েছেন ৮৪ ভোট। অর্থ সম্পাদক পদে আবু হেনা রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে নিয়াজ আহমেদ লাবু ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী দিপন দেওয়ান পেয়েছেন ১১০ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হরলাল রায় সাগর ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী খন্দকার হানিফ রাজা পেয়েছেন ৯০ ভোট।
দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে জিএম তসলিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবলু এবং কল্যাণ সম্পাদক পদে এস.এম. ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অপর প্রার্থী মো. তানভীর হাসান পেয়েছেন ১০৪ ভোট। কার্যনির্বাহী সদস্য’র তিনটি পদে প্রার্থী ছিল ৩ জন। ১৫৭ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন রুদ্র মিজান, ১৩৮ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য হয়েছেন এম এ বাতেন বিপ্লব এবং ১৩৫ ভোট পেয়ে আবাদুজ্জামান শিমুল তৃতীয় সদস্য হয়েছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির দোতলায় ক্র্যাব বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৫টি পদের মধ্যে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫ টি সম্পাদকীয় পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মোট ২৭৭ জন ভোটারের মধ্যে ২৫৪ টি ভোট পড়েছে। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ খান। দুই সদস্য হলেন দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান ও সিনিয়র সাংবাদিক আহমদ আতিক।
