সুষ্ঠু নির্বাচনের আশা তাপসের, নিয়ম মেনে চলবেন ইশরাক

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০৫:৩৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন বৈধ হয়েছে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস এবং বিএনপির ইশরাক হোসেনের। 

মনোনয়ন বৈধ ঘোষণার পর দুজনই শোনালেন আশার কথা। 

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির সাত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৈধ অপর প্রার্থীরা হলেন জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান, এনপিপির বাহারানে সুলতান ও গণফ্রন্টের আবদুস সামাদ সুজন।
বৃহস্পতিবার সকালে গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। 

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আগামী ৩০ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছি। আমি মনে করি, সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 
তাপস দক্ষিণ সিটি করপোরেশনের সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

বিএনপির প্রার্থী মো. ইশরাক হোসেন বলেন, ‘ভোট হচ্ছে নাগরিক অধিকার। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ভবিষ্যতে আপনাদের প্রার্থী নির্বাচন করবেন। আমি প্রতিজ্ঞা করছি নির্বাচনী আচরণবিধি মেনে চলব। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যাঁরা কাউন্সিলর প্রার্থী মনোনীত হয়েছেন, তাঁরাও যেন আচরণবিধি মেনে চলেন, বিনীতভাবে এই অনুরোধ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত