সন্তান স্বীকৃতি না পেয়ে গায়িকার কাছে ৫০ কোটি রুপি দাবি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০৪:০২ পিএম

কেরালার এক নারী নিজেকে অনুরাধা পড়োয়ালের মেয়ে বলে দাবি করলেন। শুধু দাবি করাই নয়, গায়িকার কাছে বিপুল পরিমাণ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলাও দায়ের করেছেন।

আনন্দবাজার পত্রিকা জানায়, রাজ্যটির তিরুঅনন্তপুরমে জেলা পারিবারিক আদালতে ৪৫ বছরের কারমালা মডেক্স ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন।

মামলার বিবাদী করা হয়েছে অনুরাধা ও তার স্বামী অরুণ পড়োয়ালকে।

কারমালা দাবি করেছেন, অনুরাধা ও অরুণ তার সত্যিকারের মা-বাবা। কারমালার যখন বয়স মাত্র চার দিন, তখন নাকি তারা পালক বাবা-মা পোন্নাচান ও অ্যাগনেসকে দিয়ে দেন। অনুরাধা ও স্বামী এতটাই ব্যস্ত ছিলেন যে সন্তানের জন্য সময় ছিল না।

পালক বাবা পোন্নাচান মৃত্যুশয্যায় কারমালাকে পুরো বিষয়টি বলে যান। কিন্তু মা অ্যাগনেস এখন আলঝেইমারে আক্রান্ত, তিনি নাকি বিষয়টি জানতেন না। পোন্নাচান ও অ্যাগনেস নিজেদের চতুর্থ সন্তান হিসেবে কারমালাকে লালন পালন করেন।

কারমালা একাধিকবার অনুরাধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি কথা বলতে চাননি। এমনকি মোবাইল নম্বরও ব্লক করে দিয়েছেন।

অনুরাধার বয়স এখন ৬৭ বছর। ২০১৭ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। তার দুই সন্তান- ছেলে আদিত্য ও মেয়ে কবিতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত