ভারতে মনীষীদের ভাস্কর্য ভাঙার রাজনীতি নতুন নয়। এত দিন দেশটির ‘জাতির জনক’ মহাত্মা গান্ধীর নামে অপমানজনক কথাবার্তা শোনা যেত। এবার সব সীমা ছাড়িয়ে ভেঙে ফেলা হল গান্ধীভাস্কর্য।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বিজেপি শাসিত গুজরাটের আম্রেলি জেলার হরিকৃষ্ণ লেকে। সেখানে মহাত্মা গান্ধীর একটি ভাস্কর্য ছিল।
স্থানীয় সূত্রের বরাতে এই সময় জানায়, শুক্রবার রাতে কয়েক জন দুস্কৃতি এসে ভেঙে দিয়ে যায় মহাত্মা গান্ধীর ভাস্কর্য। ২০১৮ সালে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। ভাস্কর্যের উন্মোচন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লাঠি থানার পুলিশ কর্মকর্তা ওয়াইপি গোহিল সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার রাতের এই অনভিপ্রেত ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি যারা ঘটিয়েছে, তাদের খোঁজ চলছে। শিগগির গ্রেপ্তার করা হবে।
