লন্ডনের তাভিস্টক স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনায় সোমবার (২৯ সেপ্টেম্বর) নিন্দা জানিয়েছে ভারতের হাই কমিশন। আগামী ২ অক্টোবর ১৫৬তম গান্ধী জয়ন্তী উদযাপন তার কয়েক দিন আগেই এ ঘটনা ঘটল।
গান্ধীর ধ্যানমগ্ন আসনের প্রতিকৃতির আইকনিক মূর্তিটির পাদদেশে আপত্তিকর গ্রাফিতি আঁকা অবস্থায় দেখা গেছে। ভারতীয় মিশন জানিয়েছে, তারা এ অপবিত্রকরণের ঘটনা স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছে এবং কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে মূর্তিটি তার মূল অবস্থায় পুনরুদ্ধারের জন্য কাজ করছেন।
ভারত এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ‘অবিলম্বে ব্যবস্থা’ নেওয়ার দাবি জানিয়েছে। ১৯৬৮ সালে তাভিস্টক স্কোয়ারে জনসাধারণের জন্য উন্মুক্ত করা এই ব্রোঞ্জের মূর্তিটি নির্মিত হয়েছিল গান্ধীর ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনশিক্ষার দিনগুলোর প্রতি শ্রদ্ধা জানাতে।
এক্স-এ পোস্টে ভারতীয় হাই কমিশন বলেছে, ‘এটি কেবল ভাঙচুর নয়, বরং অহিংসার ধারণার ওপর সহিংস আক্রমণ। ঘটনাটি ‘লজ্জাজনক’।’
লন্ডনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ঘটনার তদন্ত করছেন, তবে এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করা যায়নি।
হাই কমিশন ক্ষতির সঠিক ছবি প্রকাশ না করলেও এক্স এবং ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে মূর্তির পাদদেশে কালো রঙে ‘টেরোরিস্ট’ শব্দটি পেইন্ট করা হয়েছে, সঙ্গে লেখা হয়েছে ‘গান্ধী’, ‘মোদি’ এবং ‘হিন্দুস্তানি’।
ক্যামডেন কাউন্সিলের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, পরিষ্কারকর্মী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অপরদিকে, মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে তারা শিগগিরই একটি বিবৃতি দেবে।
মেট্রোপলিটন পুলিশ ও ক্যামডেন কাউন্সিল কর্তৃপক্ষ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছে, তারা ভাঙচুরের অভিযোগ নিয়ে কাজ করছে।
