ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অপসারণ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১০:২২ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে শৃঙ্খলা ও পেশাগত আচরণবিধি ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে অপসারণ করেছে আইন মন্ত্রণালয়।

রবিবার মন্ত্রণালয়ের উপ সলিসিটার (জিপি/পিপি) মো. মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে ৫ অক্টোবর ২০১১ তারিখে প্রদত্ত নিয়োগ বাতিলক্রমে প্রসিকিউটর পদ হতে অপসারণ করা হলো।’

চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে পাঠানো অব্যাহতি পত্রে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আলবদর শামসুল হক, শামসুল হোসেন তরফদার এবং অন্যান্য মামলার তদন্ত সংশ্লিষ্টতা থেকে প্রত্যাহার করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিচালনাধীন কোনও মামলা পরিচালনার কাজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো। এ আদেশটি জনস্বার্থে দেওয়া হলো।

তবে প্রসিকিউশন সূত্র থেকে জানা যায়, ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি মোহাম্মদ আলীকে প্রসিকিউশনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই সময় ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা এম এ হান্নানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন দিতে ট্রাইব্যুনালের এক বিচারককে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন মোহাম্মদ আলী। 

এরপর মোহাম্মদ আলীকে সব মামলা থেকে প্রত্যাহার করে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রের বিরুদ্ধে ফৌজদারি মামলা পরিচালনা করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে তাকে অপসারণ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত