পূজার কারণে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছাতে রিট

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০৬:২৯ পিএম

সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছাতে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সোমবার রিট আবেদনকারী আইনজীবী অশোক কুমার ঘোষ সাংবাদিকদের জানান, রোববার ওই রিট আবেদনটি করা হয়। ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর নির্বাচনের তারিখ ধার্য ছিল।

আইনজীবী অশোক কুমার ঘোষ বলেন, ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের সব বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজগুলোয় পূজার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু নির্বাচন উপলক্ষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। বিষয়টি ধর্মীয়ভাবে সাংঘর্ষিক।

তিনি জানান, পঞ্চমী না হওয়া পর্যন্ত সরস্বতী প্রতিমা বিসর্জন দেওয়া যায় না বলে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠানের জন্য রিটটি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত