ভারতকে আগাম হুঁশিয়ারি অস্ট্রেলিয়া অধিনায়কের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০৯:২০ এএম

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকেও পাত্তা দিল না অস্ট্রেলিয়া। কিউইদের হোয়াইটওয়াশ করা অজি দলের অধিনায়ক টিম পেইন টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এবার ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন। চলতি বছরের নভেম্বরে মুখোমুখি হবে দল দুটি।

টানা পাঁচটি টেস্টে জয় তুললো অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি, আর পাকিস্তানের বিপক্ষে দুটি। এতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ২৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।

২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতে ফিরেছিল ভারত। এশিয়ার কোনও দল হিসেবে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ইতিহাস গড়ে কোহলি অ্যান্ড কোং। এই সিরিজে অবশ্য অস্ট্রেলিয়া পায়নি দলের দুই তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নির্বাসিত ছিলেন স্মিথ ও ওয়ার্নার।

চলতি বছর আবার মুখোমুখি হবে দল দুটি। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর চলতি বছরের নভেম্বরে ভারতের সঙ্গে চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ওই সিরিজে ভারত যে অন্যরকম এক অস্ট্রেলিয়াকে দেখবে তা আগাম জানিয়ে দিলেন অধিনায়ক পেইন।

“এই গ্রীষ্মে আমরা টানা পাঁচটি টেস্ট জিতেছি। সুতরাং আমরা এখন অনেক বেশি ধারাবাহিক। আমাদের দলে অনেক ম্যাচ-উইনার রয়েছে। শেষ ১২ মাসে আমরা অনেক উন্নতি করেছি। আমরা এটাই চেয়েছিলাম।”

“গত বছর ভারত যে দলের সঙ্গে খেলেছিল, সেটা ছিল অন্য দল। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে যাওয়ার লক্ষ্য থাকবে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলেরই। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সিরিজে দারুণ লড়াই হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত