আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের কার্যক্রম ও প্রচার কাজে সংসদ সদস্যরা অংশগ্রহণ করছেন জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
বৃহস্পতিবার ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ প্রসঙ্গে’ শিরোনামে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো চিঠিতে তিনি বলেন, “সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করলে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিনষ্ট হবে। অন্যদিকে এতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি লেখেন, “আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের কার্যক্রম ও প্রচারকার্যে মাননীয় সংসদ সদস্যগণ অংশগ্রহণ করছেন। এটি সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর লঙ্ঘন। উক্ত বিধিমালায় উল্লেখ করা হয়েছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ‘নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না।”
তিনি আরো উল্লেখ করেন, এমতাবস্থায় তারা কীভাবে এই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছেন, তা বোধগম্য নয়।
তিনি আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা যাতে অংশগ্রহণ না করেন, সে বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
