শরীয়তপুর সদর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে চার বখাটেকে আটক করে জেলে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডোমসার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে শনিবার বেলা ১১টার দিকে তাদের শরীয়তপুর কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- সদর উপজেলার ভত্তাইসার গ্রামের মুজাম্মেল হকের ছেলে সজিব আহাম্মেদ (১৪), দেলোয়ার মাদবরের ছেলে ইব্রাহিম মাদবর (১৫), স্বপন মাদবরের ছেলে নিলয় আহম্মেদ সম্রাট মাদবর (১৬) ও বসির মাদবরের ছেলে সৌরব মাদবর (১৬)।
তারা ডোমসার জগৎ চন্দ্র ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান জানান, সদর উপজেলার ভত্তাইসার এলাকার এক ভ্যানচালকের মেয়ে স্কুলছাত্রীকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করছিল বখাটেরা।
শুক্রবার সকালে ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে স্কুলছাত্রীর বাবা পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, যারা স্কুল ও কলেজছাত্রীর উক্ত্যক্ত করবে তাদের আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।
