কক্সবাজারের পেকুয়ায় উপজেলায় সতিনের সঙ্গে ঝগড়ার জের ধরে নিজের দুই শিশু সন্তানকে এক মা কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশু দুটির মা দিলোয়ারা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার দুপুর ২টার দিকে পেকুয়া সদরের গোয়াখালী বটতলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত চার বছর বয়সী আরিফা ও দেড় বছর বয়সী আসিফা একই এলাকার আরিফুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানিয়েছেন, আরিফুল ইসলাম ও তার ১ম স্ত্রী দিলোয়ারা বেগমের দুই সন্তান- আরিফা ও আসিফা। আরিফুল ইসলাম ইসলাম আরেকটি বিয়ে করে ২য় স্ত্রী বানুকে নিয়ে চট্টগ্রাম চলে যান। দ্বিতীয় বিয়ে নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে প্রায়ই মোবাইলে ঝগড়া হতো আরিফুল ও দিলোয়ারার।
কিছুদিন আগে আরিফুল দ্বিতীয় স্ত্রী বানুকে নিয়ে গোঁয়াখালীর বাড়িতে আসার পর থেকে দুই সতিনের মধ্যে প্রায়শই ঝগড়া হতো। ঘটনার দিনদুপুরে দুই সতিনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে দিলোয়ারা বেগম নিজ সন্তান আরিফা ও আসিফাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে দুই শিশু মাটিতে নিস্তেজ হয়ে পড়ে।
পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন এবং দিলোয়ারাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পেকুয়া সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, এ রকম ঘটনা আমার ডাক্তারি জীবনে খুব কম দেখেছি। মা দূরের কথা শত্রুরাও এম নভাকে কাউকে কোপাতে দেখি নাই। আরিফার গলা, কবজিসহ ৪টি আর আসিফার গলা, হাতসহ ৪টি কোপ রয়েছে। তাদের ক্ষত খুব মারাত্মক। তাদের জরুরিভাবে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, ঘটনার পর পরই পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত মা দিলোয়ারাকে আটক করা হয়েছে।
