যে কারণে ১৫ কেজি ওজন বাড়ানোর চ্যালেঞ্জ নিলেন কৃতি

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১১:১৭ পিএম

চরিত্রের প্রয়োজনে নায়িকাদের স্লিম ফিগারে দেখা যায় বেশি। কিন্তু ওজন বাড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউড তারকা কৃতি শ্যানন। অবশ্যই তাও চরিত্রের প্রয়োজনেই।

জি নিউজ জানায়, ওজন বাড়ানোর দিকে এখন মনোযোগ কৃতির। তাও আবার বাড়াতে হবে ১৫ কেজি!

পরিচালক লক্ষণ উতেকরের সিনেমা ‘মিমি’র জন্য চরিত্রের প্রয়োজনেই ওজন বাড়াতে হচ্ছে কৃতিকে। ২০১০-এ মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি ‘মালা আয় ভয়চয়’র  অনুপ্রেরণায় বানানো হচ্ছে মিমি। মারাঠি ছবিটি ২০১১ সালে সেরা ছবি হিসেবে পুরস্কারও জিতে নেয়।

কৃতির ভাষ্য, সিনেমাটি তার ভীষণই পছন্দের। তাই এটির জন্য তিনি তার সেরাটা দিতে চান।

তিনি বলেন, ‘সত্যি বলতে ওজন বাড়ানো আমার কাছে চ্যালেঞ্জের। আমাকে মেটাবলিজমের সঙ্গে লড়াই করতে হবে, ক্যালরি বাড়াতে হবে। যদিও আমার হাতে খুবই কম সময় রয়েছে। তবে পুরো বিষয়টি নিয়ে আমি খুবই উৎসাহী। কারণ সিনেমাটি আমার হৃদয়ের ভীষণই কাছের।’

এদিকে কৃতির ভক্তরা মুখিয়ে আছেন প্রিয় অভিনেত্রীর ১৫ কেজি ওজন বাড়ার পর তাকে কেমন দেখতে লাগবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত