দিনাজপুর সদর উপজেলার পল্লীতে গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম রামসাগর তাজপুর সরকারপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সীমান্তবর্তী গ্রাম রামসাগর তাজপুর সরকারপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল কাশেম কাইশা (৩০) ও রহমত আলী (৩২)। এদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় ১৭ থেকে ১৮টি মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গোলাগুলির সময় গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) নাহিদ হাসান ও কনস্টেবল মাহাবুব আলম গুরুতর আহত হয়। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল দেশ রূপান্তরকে জানান, রাত দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টহলদল রামসাগর তাজপুর সরকারপাড়ায় রাস্তার পাশে অবস্থান নেয়।
একই সময় ১০ থেকে ১২ জনের মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ দল ভারত সীমান্ত থেকে বাংলাদেশে মাদক নিয়ে প্রবেশ করে। এ সময় ডিবি পুলিশ তাদের থামতে বললে তারা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ডিবির এএসআই নাহিদ হাসান ও কনস্টেবল মাহাবুব আলম গুরুতর আহত হয়। পরে ডিবিও পাল্টা গুলি বর্ষণ করে।
গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ী পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আবুল কাশেম কাইশা ও রহমত আলীর লাশ উদ্ধার করে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
