মিথ্যা অভিযোগে হাত-পা বেঁধে স্কুলছাত্রকে বেদম মারধর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৭:৫৯ পিএম

গরু চুরির অভিযোগ তুলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে এক স্কুলছাত্রকে হাত-পা বেঁধে বেদম মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের শিকার স্কুলছাত্র রাফিকুল ইসলাম (১৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। শনিবারের এ ঘটনায় রবিবার রাতে মামলা দায়েরের পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর ধুমাইটারী গ্রামের আব্বাস আলীর ছেলে আইজল মিয়া (৫০) ও একই গ্রামের বাবলু মিয়ার ছেলে রানা মিয়া (৩০)। নির্যাতনের শিকার রাফিকুল উত্তর ধুমাইটারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও ধুমাইটারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গ্রামে একটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতে ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাফিকুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই গ্রামের ফজলু মিয়া, ইয়াজল ও নাজমুল নামের তিন ব্যক্তি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। তারা রাফিকুলকে গরু চুরির অপবাদ দিয়ে সারা রাত ফজলু মিয়ার বাড়িতে বেঁধে রাখেন। পরের দিন সকাল নয়টায় রাফিকুলকে একই গ্রামের আফসার প্রামাণিকের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন ও বেধড়ক মারধর করা হয়। এ সময় রাফিকুল জ্ঞান হারালে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাটি রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই দিন রাতেই রাফিকুলের বড় ভাই রফিকুল ইসলাম সুন্দরগঞ্জ থানায় ১৩ জনের নাম উল্লেখ করে ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাতেই দুজনকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান দেশ রূপান্তরকে বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত