নৌকার কোন ব্যাক গিয়ার নাই: আতিকুল

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১১:৪২ পিএম

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে দাবি করে ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিক ইসলাম বলেন, আমরা প্রতিটি মানুষের কাছে যাচ্ছি ভোট চাচ্ছি। নৌকার কোণ ব্যাক গিয়ার নাই, আছে শুধু উন্নয়নের গিয়ার। জনগণ নির্বাচিত করলে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সচল ঢাকা গড়ব।

নয় মাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথমেই মাদকমুক্ত ঢাকা শহর গড়ে তোলার কথা জানিয়ে আতিকুল ইসলাম আরও বলেন, পাশাপাশি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, নারীবান্ধব সবুজ,সচল ঢাকা গড়ার কাজ করব ইনশাআল্লাহ্‌।

সোমবার রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরুর আগে আতিকুল ইসলাম এসব বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, আমরা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার প্রচারণা চালাচ্ছি। বিরোধী পক্ষকে বাঁধা দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি আজ আসার পথেই দেখলাম ধানের শীষের স্লোগান দিয়ে ভোট চাচ্ছে, আমরা তো কোন বাধা দিইনি। বিরোধী পক্ষ মিথ্যাচার করছে।

আতিক বলেন, আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই। যার ভোট সে দেবে। আমরা মানুষের ঘরে ঘরে যাব নৌকার পক্ষে সবাই ভোট চাইব।

আতিকুল ইসলামের নির্বাচন সমন্বয়ক জয়দেব নন্দী বলেন, খিলগাঁও তালতলা মার্কেট থেকে গণসংযোগ শুরু করে মাটির মসজিদের সমনে হয়ে আবুল হোটেল, রামপুরা হয়ে বাড্ডা এলাকার আলাতুন্নেসা মাদ্রাসা হয়ে মধ্য বাড্ডা সহ বিভিন্ন এলাকা নৌকা প্রতিকের জন্য ভোট চান উত্তরের প্রার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত