নির্বাচনী প্রচারে কর্মীদের মারধর ও মাইক্রোফোন ভাঙচুরের অভিযোগ এনে ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে চিঠি দিয়েছেন ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি বরাবর এই চিঠি দেন তাবিথের এক প্রতিনিধি।
চিঠিতে তাবিথ অভিযোগ করেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার পক্ষে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ২১ বিধি অনুযায়ী বিধিসম্মতভাবে আজ ১৩ জানুয়ারি তারিখে বেলা ৩টায় নির্দিষ্ট সময়ে মাইক্রোফোনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। কিন্তু মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীরের নেতৃত্বে কতিপয় উচ্ছৃঙ্খল কর্মী ডিআইটি প্রজেক্ট এলাকায় আমার নির্বাচনী প্রচারণার মাইক্রোফোন ভাঙচুর ও মারধর করেছে।
