নেত্রকোনায় পৃথক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০৩:২৭ পিএম

নেত্রকোনা-কেন্দুয়া সড়কে লরি চাপায় শফিকুর ইসলাম ওরফে কাঞ্চন ফকির (৫২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বায়রাউরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর পূর্বপাড়া গ্রামের কাঞ্চন ফকির নেত্রকোনায় ডায়াবেটিস হাসপাতালের উদ্দেশ্যে আসছিলেন।

এ সময় নেত্রকোনা থেকে কেন্দুয়ার দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী লরি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক কাঞ্চন ফকির গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে চাপা দিয়েই ঘাতক লরিটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার মহিষবেড় নামক স্থানে বালুবাহী ট্রাক চাপায় জুয়েল (২৫) নামে আরেক মোটরসাইকেল চালক নিহত হন। তিনি পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের মৃত জামির হোসেনের ছেলে।

স্থানীয় ব্যবসায়ী তিলক রায় জানান, জুয়েল প্রতিদিনের মতো বাজারে বাজারে চা পাতা বিক্রি করার সময় বুধবার সন্ধ্যায় মহিষবেড় এলাকায় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক বলেন, সড়ক অবরোধে ট্রাকের জ্যাম লেগে গিয়েছিল। তা এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাকের চালক ট্রাকসহ পালিয়ে গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত