কঙ্গনার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল ডাকাতদল, বাঁচিয়ে দেন পরিচালক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১১:২০ এএম

বলিউড ক্যারিয়ারে অদ্ভুত অদ্ভুত ছবি করেছেন কঙ্গনা রনৌত। এর অন্যতম ‘রিভলবার রানি’। বক্স অফিসে অসফল ও সমালোচকদের দ্বারা নিন্দিত সিনেমাটি নিয়ে নায়িকার ভয়ংকর অভিজ্ঞতা রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বর্তমানে নতুন ছবি ‘পাঙ্গা’র প্রচারে ব্যস্ত কঙ্গনা। ওই ছবির প্রচারে এসেছিলেন ‘দ্য কপিল শর্মা শো’তে। সেখানেই সামনে এসেছে একটি মজার ঘটনা।

তিনি জানান, ‘রিভলবার রানি’ ছবির শুটিংয়ের সময় চম্বলে বেশ কিছুদিন শুটিং করেছিলেন। তখনই তার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল কয়েকজন ডাকাত।

২০১৪ সালে মুক্তি পেয়েছিল ওই ছবিটি। কঙ্গনা বলেন, “পরিচালক আমাদের বলেছিলেন যে চম্বল খুবই বিপজ্জনক। শুটিংয়ের পক্ষে মোটেই ভালো জায়গা নয়। তবু আমরা ওখানে শুটিং করতে গিয়েছিলাম যাতে ছবিটি দেখে বাস্তবসম্মত মনে হয়।”

‘রিভলবার রানি’তে কঙ্গনার চরিত্রটিও ছিল বেশ ডাকাবুকো।

কঙ্গনা ওখানে এক রাজনৈতিক নেত্রীর ভূমিকায় অভিনয় করেন যে কি না এক বলিউড তারকার প্রেমে পড়ে। সেই তারকাকে যখন অপহরণ করে নিয়ে যায় একদল দুষ্কৃতি, তখন নায়িকা তার প্রেমিককে উদ্ধার করতে অভিযানে যায়।

পোস্টারে কঙ্গনার দুই হাতে রিভলবার চালানোর ভঙ্গিটি খুবই সাড়া ফেলেছিল সেই সময়।

‘রিভলবার রানি’র পরিচালক ছিলেন সাই কবীর। চম্বল খুব বিপজ্জনক এটা জেনেও কেন ওখানে শুটিং করতে যাওয়া হচ্ছে, কঙ্গনা সে কথা নাকি জিজ্ঞাসা করেছিলেন পরিচালককে।

তিনি বলেন, “আমি নাকি খুবই সাহসী তাই ডাকাতের মুখোমুখি পড়লে ভয় পাব না মোটেই।”

মজার বিষয় হলো, সত্যি সত্যিই কঙ্গনাকে ডাকাতের মুখোমুখি হতে হয়। কঙ্গনা বলেন, “আমরা যখন ছবির শুটিং শেষ করে ফিরছিলাম তখন একদল ডাকাতের সঙ্গে দেখা। ওরা আমার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল। আমাকে বাঁচিয়ে দিয়েছিল কবীর, ও আমার খুব ভালো বন্ধু কি না!”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত