খাবার ভেবে গোখরা সাপ গিলে ফেলল প্লাস্টিক, তারপর... (ভিডিও)

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১০:১০ পিএম

ভারতে এক গোখরা সাপ খাবার ভেবে গিলে ফেলেছিল প্লাস্টিকের বোতল। তারপরই শুরু হলো বিপত্তি। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকল সে। পরে এক তরুণের সাহায্যে মিলল রেহাই। 

ভারতের বনকর্মী প্রবীণ কাসোয়ান শুক্রবার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। মুহূর্তে ভাইরাল হয় ভিডিওটি। 

৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কোনো বড় বস্তু গিলে ফেলায় গোখরা সাপের পেট ফুলে রয়েছে। মাটিতে যে প্রায় ছটফট করছে, গলধঃকণ করা জিনিসটি উগরানোর চেষ্টা করছে সে।

সাপটিকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন। 

এরপরই দেখা যায়, এক যুবক একটি লাঠি হাতে গোখরা সাপের পেটের ফোলা অংশে মারতে থাকেন। আর তাতে গিলে খাওয়া বস্তুটি ধীরে ধীরে উগরাতে শুরু করে সাপটি। অবশেষে গোখরা গিলে ফেলা বস্তু বের করে দেয়। তখন সবার নজরে আসে সেটি একটি সবুজ রংয়ের প্লাস্টিকের বোতল। 

ভিডিওটি ভারতের কোথায় তোলা সেসম্পর্কে কিছু না লিখলেও তিনি পোস্টে লিখেছেন, ‘‌যখনই প্লাস্টিকের কথা ওঠে তখনই তা ফেলে দেওয়া ছাড়া আর কিছু হয় না। দেখুন কীভাবে একবার ব্যবহৃত প্লাস্টিক আমাদের প্রাণীজগতের সর্বনাশ করছে।’‌  

ওই সাপটি জাতে গোখরা বলেই নিজের স্বভাবজাত অভ্যাসে গিলে ফেলা জিনিসটি উগরে দিতে পেরেছে। অন্য প্রাণীর পক্ষে তা সম্ভব নয় বলেও পোস্টে জানিয়েছেন করেছেন ওই বনকর্মী।

খবর: আজকাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত