চীনের ওপর ‘বিশ্বাস কমলেও’ যুক্তরাষ্ট্রের চেয়ে এই দেশটিকেই বেশি পছন্দ করে মিয়ানমারের সাধারণ মানুষ। সিঙ্গাপুর-ভিত্তিক একটি থিংক-ট্যাংকের জরিপে এই তথ্য দেওয়া হয়েছে।
ইউসুফ ইশাক ইনস্টিটিউট জানিয়েছে, বৈশ্বিক শক্তির বিচারে কোন দেশকে পছন্দ এমন প্রশ্নের জবাবে জরিপে অংশ নেওয়া ৬১.৫ শতাংশ মানুষ চীনকে বেছে নেন। তাদের এই পছন্দের বিপরীতে বিশ্বাসের জায়গায় বেশ ‘ফাটল’ দেখা গেছে।
অর্ধেকের বেশি মানুষ মনে করেন, বিশ্বশান্তি রক্ষায় চীনের অবদান কমে যাচ্ছে।
চীনের প্রতি মিয়ানমারের বিশ্বাস এভাবে কমলেও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতে বেড়েছে। এই অঞ্চলের ৬০ শতাংশ মানুষ বিশ্বশান্তি রক্ষায় চীনকে নির্ভরযোগ্য মনে করেন।
বিভিন্ন সেক্টরে দক্ষ এমন ১৩০৮ জন উত্তরদাতার ৭৬ শতাংশ মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার প্রভাব কমছে।
রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের সদস্য দেশগুলো বেশ বিভক্ত। ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন মিয়ানমারের এই ইস্যুটি নিয়ে আসিয়ানের আরও বেশি ভূমিকা রাখা উচিত ছিল। আসিয়ান দেশগুলোর ওপর বেশি অখুশি সিঙ্গাপুর, ফিলিপাইনস এবং মুসলিম অধ্যুষিত মালয়েশিয়া। মাত্র তিনটি দেশ (লাওস, ভিয়েতনাম এবং মিয়ানমার) আসিয়ানের ভূমিকার প্রশংসা করেছে।
