সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষায় ১ ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ে বিজয়ী হতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
রবিবার দুপুর ১২টার দিকে মিরপুর বিআরটিএ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র প্রার্থী ও দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।
তাবিথ আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশন ইশতেহার ঘোষণা থেকেই বিতর্ক সৃষ্টি করেছে। আমরা এখনও দেখতে চাই নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে কী কী পদক্ষেপ নেয়। আমরা সেদিকে তাকিয়ে আছি।’
তিনি বলেন, সরস্বতী পূজা উপলক্ষে নির্বাচন ২ দিন পিছিয়ে দিয়েছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষাও পিছিয়েছে। যে কারণে পরীক্ষার্থীরা মনঃক্ষুণ্ন হতে পারে। তাদের জন্য দুঃখ প্রকাশ করছি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসান, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
