বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী এই কিশোরী

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৭:৩৬ পিএম

বিশ্বের সবচেয়ে লম্বা চুলের রেকর্ড ধরে রাখলেন ভারতীয় কিশোরী নীলাংশি প্যাটেল।

২০১৮ সালে বিশ্বের সবচেয়ে লম্ব চুলের অধিকারী হিসেবে তিনি গিনেস ওয়ার্ল্ডের খেতাব জয় করেন। ২০১৯ সালেও একই স্বীকৃতি পেলেন তিনি।

অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই ঘোষণা দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

২০১৮ সালে গুজরাটের বাসিন্দা নীলাংশির চুলের দৈর্ঘ্য ছিল ১৭০.৫ সেমি। পরের বছর এসে তার চুলের দৈর্ঘ্য আরও বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯০ সেমি বা ৬ ফিট।

১৭ বছরের নীলাংশিকে রাপুনজেল বলেও ডাকা হয় ৷ রূপকথার চরিত্র রাপুনজেলের চুল এতটাই লম্বা ছিল যে, বাড়ির বারান্দা থেকে ফেলে দেয়া সেই চুল বেয়ে রাজপুত্র উঠে আসতে পারত।

ছয় বছর বয়সে চুল কাটতে গিয়ে মর্মাহত হয়েছিলেন নীলাংশি। তিনি বলেন, ‘বিচ্ছিরিভাবে আমার চুল কেটেছিল সেবার। এতই রাগ আর বিরক্ত লেগেছিল যে, আমি সিদ্ধান্ত নিই আর কখনই চুল কাটব না। তখন আমার বয়স ছিল মাত্র ৬। সেই থেকে এখন পর্যন্ত চুল কাটিনি আমি।’

এত দিঘল লম্বা চুলের রহস্য সম্পর্কে এই কিশোরী জানান, তিনি বাড়িতে তৈরি তেল ব্যবহার করেন চুলের জন্য। বিশেষ সেই আয়ুর্বেদিক তেল তৈরি করেন তার মা। 

কী করে চুলের যত্ন নেন প্রশ্নের উত্তরে নীলাংশি জানান, সপ্তাহে একদিন চুল ধুয়ে থাকেন তিনি ৷ এরপর আধঘণ্টা লাগে চুল শুকাতে এবং এক ঘণ্টা লাগে চুলের জট ছাড়াতে।

এত লম্বা চুল নিয়ে পড়াশোনা করতেও তেমন সমস্যা হয় না তার। পড়ার সময় চুল সামলাতে মা তাকে সাহায্য করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত