সুদানের রাজধানী খার্তুমের আল-কুরেশি পার্কের রুগ্ণ মৃতপ্রায় কয়েকটি সিংহকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শীর্ণকায় সিংহগুলোর ছবি প্রকাশের পর পর এ নিয়ে সারা বিশ্বের নেটিজেনরাই সাহায্যের আবেদন জানিয়েছেন।
খাবারের অভাবে, অযত্নে অবহেলায় মরতে বসা বনের রাজার জন্য প্রয়োজন খাবার ও ওষুধ। খার্তুমের আল-কুরেশি পার্কের এই পাঁচটি আফ্রিকান সিংহকে বাঁচানোর লড়াই চলছে।
ওসমান সাহিন নামে একজন সিংহগুলির ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে সবাইকে সাহায্যের জন্য আবেদন করেন। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
নেটিজেনদের অনেকে দাবি তুলেছেন, আল-কুরেশি পার্ক থেকে তাদের অন্য কোথাও সরিয়ে দেওয়া হোক। না হলে সিংহগুলি মারা যেতে পারে। অনেকে সাহায্য করতেও চেয়েছেন।
দায়িত্বপ্রাপ্ত পশুচিকিৎসক জানিয়েছেন, সিংহগুলি চূড়ান্ত অপুষ্টিতে ভুগছে, গত কয়েক সপ্তাহ ধরে খাবারের অভাবে ওজন প্রায় এক-তৃতীয়াংশ হয়ে গিয়েছে। দ্রুত অবস্থার উন্নতি না হলে পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে।
পার্কের ম্যানেজার এসামেলদিনে হাজ্জর জানিয়েছেন, সিংহগুলির জন্য প্রতিদিন যে পরিমাণ খাবার বা ওষুধ দরকার, তা মেলেন না। ফলে অনেক সময় তাঁরা নিজেরাই পকেটের টাকা দিয়ে সেই সব কেনেন। কিন্তু তা পর্যাপ্ত নয়।
বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সিংহগুলোকে দেখতে আল-কুরেশি পার্কে যান। তাদের অভিমত, এখনই কিছু না করতে পারলে সিংহগুলির মৃত্যু হতে পারে। খাঁচাগুলিও পরিষ্কার করা দরকার অবিলম্বে। বেশ কয়েকটি সংগঠন সিহংগুলির জন্য তাজা মাংস ও ওষুধ পৌঁছে দিয়েছেন।
সাহিনের প্রচারের ফলে একের পর সাহায্য যেমন আসতে শুরু করেছে, তেমনি আল-কুরেশি পার্কের অধিকার্তা ও প্রশাসনের কর্তারাও উদ্যোগ নিচ্ছেন। চেষ্টা চালানো হচ্ছে আরও নিয়মিত ও বেশি করে মাংস ও ওষুধ কেনার।
উল্লেখ্য, সম্প্রতি আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সুদান। বৈদেশিক মুদ্রার ঘাটতি, মূল্যবৃদ্ধিতে দেশটি জর্জরিত।