পশ্চিমবঙ্গের বিধানসভায় উঠছে সিএএবিরোধী প্রস্তাব

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১২:০১ এএম

পাঞ্জাব, কেরালা ও রাজস্থানের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় বিতর্কিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রস্তাব তোলা হচ্ছে। আজ সোমবার প্রস্তাবটি রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস উত্থাপন করবে বলে জানিয়েছে আনন্দবাজার। প্রস্তাবের পক্ষে আছে বিরোধী কংগ্রেস ও বাম শিবিরও।

বৈষম্যমূলক এ আইনকে সংবিধানের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী বলে মনে করছে দেশটির নাগরিক সমাজ ও বিরোধী রাজনৈতিক দলগুলো। এ আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ চলছে। পরে কেরালা, পশ্চিমবঙ্গসহ আরও আটটি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তারা রাজ্যে সিএএ চালু করবেন না। ইতিমধ্যে দেশটির কেরালা, পাঞ্জাব ও রাজস্থানে সিএএবিরোধী প্রস্তাব পাস হয়েছে। গত সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জি সিএএ প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাব বিধানসভায় তোলার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথমে পশ্চিমবঙ্গ বিধানসভায় সিপিআইএম ও কংগ্রেস সম্মিলিতভাবে সিএএবিরোধী প্রস্তাব উত্থাপনের চেষ্টা করেছিল। সে সময় মুখ্যমন্ত্রী আপত্তি করলেও এখন তিনি প্রস্তাব আনার পক্ষেই মত দিয়েছেন। বাম ও কংগ্রেস ‘নীতিগতভাবে’ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

মমতা সাংবাদিকদের বলেন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে সবার আগে পশ্চিমবঙ্গ বিধানসভাই প্রস্তাব পাস করেছে।

বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায় গত বৃহস্পতিবার বলেন, ‘আমি খুব পরিষ্কারভাবে বলছি, এনআরসি হচ্ছে না বাংলায়। তবে সিএএ হবে। এটা পরিষ্কার। এখন যারা ভ্রান্ত প্রচার করছেন, তারা ভুল করছেন, অন্যায় করছেন, ভারতের মানুষের সঙ্গে প্রতারণা করছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত