বিএনপির মামলা না নেয়ার অভিযোগ

গোপীবাগে সংঘর্ষের ঘটনায় আ. লীগের মামলা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১২:৫৮ পিএম

রাজধানীর গোপীবাগে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আ্ওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

ওয়ার্ড অাওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বাদী হয়ে ওয়ারি থানায় এই মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারি থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান। তবে মামলায় কাকে বা কয়জনকে আসামি করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি।

এদিকে বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের কর্মী আবদুর রহিম থানায় মামলা করতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আব্দুস সালাম।

তিনি বলেন, হামলায় আহত রহিম মামলা করতে গেলে পুলিশ নেয়নি। পরে আইনজীবীরা থানায় গেলেও মামলা নেওয়া হয়নি।

নির্বাচনী প্রচার চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই হামলা করেছে বলে ইশরাক অভিযোগ করেছেন।

বিএনপির আইনজীবীরা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন আব্দুস সালাম। তিনি বলেন, পুলিশ কোনো ব্যবস্থা না নিলে আগামীকাল থানায় মামলা করবেন আইনজীবীরা।

থানার ডিউটি অফিসার হারুন অর রশিদ জানান, মামলা দায়েরের জন্য তার কাছে কেউ আসেনি।

রবিবার দুপুরে গোপীবাগে ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাকের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের সংঘর্ষ হয়।

আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইশরাক অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে গণসংযোগ করে যখন বাসায় ফিরছি, তখন এ ধরনের একটা ঘটনা ঘটলো। হামলায় আমাদের ৮-১০ জন মাথা ফেটে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনজন সাংবাদিক আহত হয়েছেন। আমার ওপরও হামলার সম্ভাবনা ছিল, নেতা-কর্মীরা সুরক্ষা দিয়েছে।’

এ ঘটনায় আওয়ামী লীগেরও ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত