তালেবান হামলায় নিহত সিআইএর শীর্ষ কর্মকর্তা মিশেল আন্দ্রিয়া!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৬:০৩ পিএম

আফগানিস্তানে তালেবানদের হামলায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ইরান মিশন প্রধান মিশেল  ডি. আন্দ্রিয়া নিহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। খবর, দ্য মিরর।

ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পেছনে মূল কারিগর মনে করা হয়ে থাকে আন্দ্রিয়াকে। আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে পেতেও বড় ধরনের ভূমিকা রেখেছিলেন তিনি।

সোমবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমানবাহিনীর একটি ‘ইলেকট্রিক সার্ভেইলেন্স’ বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। যদিও বিমানটি ভূপাতিত করার দাবি করেছে তালেবান।

গজনি প্রদেশের তালেবান-নিয়ন্ত্রিত দেহ ইয়াক জেলায় স্পাই বিমানটি এটি বিধ্বস্ত হয়। বিমানটির আরোহীদের মধ্যে মিশেল আন্দ্রিয়া ছিলেন কী না বা তার নিহতের বিষয়ে মুখ খোলেনি ওয়াশিংটন। 

বিমানটিতে আরোহীর সংখ্যা নিয়েও অস্পষ্ট বক্তব্য দেখা যাচ্ছে ওয়াশিংটনের পক্ষ থেকে। একবার ১০ জনেরও কম, আরেকবার পাঁচজনেরও কম আরোহী ছিল বলে জানায় তারা।

এদিকে তালেবানদের দাবি তারা ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে। আবার একজন আফগান পুলিশ কর্মকর্তার দাবি, চারজন নিহত এবং দুজন নিখোঁজ।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান জানায়, নিহতদের মধ্যে একজন হচ্ছেন মিশেল আন্দ্রিয়া। তবে এই দাবির পেছনে কোনো ধরনের প্রমাণ দেয়নি তারা।

ইরানের আরেকটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিও মিশেল আন্দ্রিয়ার নিহতের খবর দিয়েছে। রাশিয়ার গোয়েন্দা সূত্রে তারা সিআইএ’র শীর্ষ কর্মকর্তার খবর নিশ্চিত করেছে।

মার্কিন গোয়েন্দা বাহিনীর অন্যতম দুর্ধর্ষ কমান্ডার হিসেবে পরিচিত মিশেল আন্দ্রিয়া। ১৯৭৯ সালে সিআইএতে যোগ দেন তিনি। ইরানে একাধিক অভিযান চালানোর জন্য আয়াতুল্লাহ মাইক হিসেবে পরিচিত হয়ে ওঠেন মার্কিন এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।

নাইন ইলেভেনের পর আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে ধরতে বড় ভূমিকা রাখেন তিনি। সে সময় পরিচয় হয়ে ওঠেন ‘ব্ল্যাক প্রিন্স’ হিসেবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালিয়ে হাজারো ইসলামি জঙ্গি ও বেসামরিক নাগরিক হত্যার মাস্টারমাইন্ড বলা হয়ে থাকে মিশেলকে।

২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত সিআইএর কাউন্টার টেররিজম সেন্টারের ডিরেক্টর ছিলেন তিনি। সে সময় তার কোডনেম ছিল ‘রজার’। ২০১৫ সালে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, গুজরাটি এক মুসলিম নারীকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।  

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমা ‘জিরো ডার্ক থার্টি’র চরিত্র ‘দ্য উলফ’ তৈরি করা হয়েছে আন্দ্রিয়া মিশেলের অনুপ্রেরণায়। পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানে ছিল দ্য উলফ চরিত্রটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত